Views Bangladesh Logo

এসএসসি পরীক্ষায় নকল হলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নকল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো কেন্দ্রে নকল বা অনিয়ম প্রমাণিত হলে শুধু শিক্ষার্থী নয়, দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, এবার থেকে খাতায় ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পা নম্বর দেওয়ার সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা যা লিখবে, তার ভিত্তিতেই নম্বর পাবে। মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সেগুলো বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হবে। পর্যায়ক্রমে সব কেন্দ্রেই সিসিটিভি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে আগের মতো হেলিকপ্টার টিমের মাধ্যমে আকস্মিক পরিদর্শনও চালানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে ঘিরে সারাদেশে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। দুর্গম, চরাঞ্চল, উপকূলীয় ও পাহাড়ি এলাকার কেন্দ্রগুলোতে বিশেষ নজর দেওয়া হবে। খাতা মূল্যায়নেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এরই মধ্যে সব শিক্ষা বোর্ডের কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে। এসব কেন্দ্রে সিসিটিভির পাশাপাশি লাইভ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রশ্নপত্র মুদ্রণ থেকে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, নতুন সরকারের অধীনে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ