অবৈধ কিংবা বৈধ নির্বাচনে সব অস্ত্রই হুমকি: আইজিপি
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্ত্রই হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, অবৈধ কিংবা বৈধ—সব অস্ত্রই নির্বাচনকালীন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। এর পাশাপাশি বিভিন্ন উপায়ে অস্ত্র দেশে প্রবেশ করে। এসব ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ অস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সে লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজিপি আরও জানান, নির্বাচনে সারাদেশে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি ক্যামেরা। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে