Views Bangladesh Logo

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বসনিয়ার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পেতে বেশ লড়াই করতে হয়েছে বলকান অঞ্চলের দেশ বসনিয়া ও হার্জেগোভিনাকে। তবে মূল আসরের যোগ্যতা অর্জনে বিলম্ব হলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে সবার আগে দল ঘোষণা করেছে দেশটি। সোমবার (১১ মে) অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন বসনিয়ার কোচ সের্গেই বারবারেজ। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর এটিই দেশটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো বৈশ্বিক আসরে অংশগ্রহণ।

ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে আছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। ক্যারিয়ারের সায়াহ্নে থাকলেও দলের অন্যতম ভরসা হিসেবে তাকে দলে রেখেছেন কোচ। অন্যদিকে তারুণ্যের জয়গানে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এই ফুটবলারের বসনিয়ার হয়ে খেলার আবেদন চলতি মাসের শুরুতেই অনুমোদন দেয় ফিফা।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। আগামী ২৯ মে সারায়েভোতে তারা মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়ার। এরপর যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে পানামার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে বারবারেজের শিষ্যরা। আগামী ১২ জুন টরন্টোতে স্বাগতিক কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বসনিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বসনিয়ার বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাদজিকিচ। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ ও নিদাল চেলিক।

মধ্যমাঠ সামলাবেন আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচ, ইভান বেসিক, জেনিস বার্নিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমার মেমিচ, আরমিন গিগোভিক। অন্যদিকে, আক্রমণভাগে এডিন জেকোর সঙ্গে থাকছেন কেরিম আলাইবেগোভিক, এসমির বাজরাকতারেভিচ, এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিক। অভিজ্ঞ ও নতুনদের এই মিশ্রণ বিশ্বকাপে বসনিয়াকে কতটা পথ নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ