ডিজেল সংকটে ঝুঁকিতে বোরো ফসল
বোরো মৌসুম সাধারণত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত চলে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটের হাওর এলাকায় ডিজেলচালিত পাম্প ছাড়া সেচ কার্যক্রম অসম্ভব। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ সীমিত হওয়ায় বোরো ফসলের সেচ কার্যক্রম নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন কৃষকরা। এতে ঝুঁকিতে পড়তে যাচ্ছে বোরো ফসল।
দেশের বিভিন্ন এলাকায় খুচরা বাজার থেকে ডিজেল রীতিমতো উধাও। অনেক কৃষক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সঠিক পরিমাণ তেলও পাচ্ছেন না।
কৃষকরা জানিয়েছেন, বর্তমানে একজন ক্রেতা মাত্র দুই লিটার ডিজেল কিনতে পারছেন। আবার কিছু দোকানদার অতিরিক্ত দাম নেন, প্রতি লিটার ৫–১০ টাকা বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৭৫৪টি গভীর নলকূপ, ১০,৩৯,৩৩৭টি অগভীর নলকূপ ও ১,৮৪,৩৮৪টি লো-লিফট পাম্প সচল রয়েছে।
বোরোর আবাদ লক্ষ্য ৫০.৫৪ লাখ হেক্টর। ৮ মার্চ পর্যন্ত ৪৮.৫৩ লাখ হেক্টরে চাষ সম্পন্ন হয়েছে। রংপুর অঞ্চলে ৫.০৯ লাখ হেক্টর জমি চাষ হয়েছে, যেখানে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার প্রায় ৩৫–৪০ শতাংশ জমি ডিজেলচালিত সেচের ওপর নির্ভরশীল।
কৃষকরা জানান, বিদ্যুৎহীন অঞ্চলে সেচ করতে না পারায় ফসল ঝুঁকিতে। লালমনিরহাটের আদিতমারীর কৃষক মোস্তাক আলী বলেন, ৩৩ বিঘা জমিতে প্রতিদিন ১৩ লিটার ডিজেল প্রয়োজন। মাত্র দুই লিটার পাওয়ায় সেচ দিতে পারছি না।
রাজশাহীর ৩১,২৭৪টি সেচ পাম্পের মধ্যে ২৬,৫০৬টি বা প্রায় ৮৫ শতাংশই ডিজেলচালিত। বগুড়ার আব্দুল গফুর বলেন, সপ্তাহে দুই–তিনবার সেচ দিতে হয়। এখন তেলের দাম প্রায় ১১০ টাকা লিটারে, খরচ বহুগুণ বেড়ে গেছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম সতর্ক করেছেন, অপর্যাপ্ত সেচ বোরো উৎপাদন মারাত্মকভাবে হুমকিতে ফেলতে পারে।
সিলেটের হাওর এলাকায় কৃষকরা জানান, বৃষ্টিপাত কম হওয়ায় জমি আগেই শুকিয়ে গেছে। হাকালুকি হাওরের সুধীন বিশ্বাস বলেন, এখন বেশি সেচ প্রয়োজন, কিন্তু ডিজেল নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম জানান, মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষক ও পাম্প মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।
অর্থনীতিবিদরা বলছেন, সরকারের জ্বালানি সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত বোধগম্য, তবে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। বোরোর ৬০ শতাংশের বেশি ডিজেলচালিত সেচের ওপর নির্ভরশীল। উৎপাদন রক্ষায় কৃষির ডিজেলেও ভর্তুকি প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে