সীমান্তে নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার: কাঁটাতার প্রসঙ্গে রণধীর
ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ভারতের অগ্রাধিকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক সিদ্ধান্তকে সেই দৃষ্টিতেই দেখছে নয়াদিল্লি।
মঙ্গলবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল।
এর আগে সোমবার পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেবে তার সরকার। এই সিদ্ধান্ত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল সাংবাদিকদের বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে আর ভয় দেখানোর সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারকে ভয় পায় না।
ব্রিফিংয়ে অনুপ্রবেশ প্রশ্নেও মুখ খোলেননি জয়সওয়াল। তবে তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী ২ হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের অনুরোধ বহু আগে বাংলাদেশকে করা হয়েছে। ভারতের ধারণা, তারা সবাই বাংলাদেশি নাগরিক। কিন্তু ঢাকা এখনো কোনো সাড়া দেয়নি।
তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্নের মুখে পড়েন জয়সওয়াল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে এই প্রকল্পের কাজ নিতে বেইজিংকে অনুরোধ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। আগের সরকার যেখানে প্রকল্পটি ভারতকে দেওয়ার পক্ষে ছিল, সেখানে এই সিদ্ধান্ত পারস্পরিক আস্থা ক্ষুণ্ণ করে কি না— এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে জয়সওয়াল বলেন, বিশ্বের যেকোনো ঘটনার ওপরই ভারত তীক্ষ্ণ দৃষ্টি রাখে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে পারস্পরিক স্বার্থই সবসময় প্রাধান্য পায়।
পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের কোনো কোনো মহলের ভিন্ন প্রতিক্রিয়া প্রসঙ্গে জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য এবং সেই মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে