সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) রোধ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে। আমাদের মূল উদ্বেগ হচ্ছে সীমান্ত নিরাপত্তা এবং পুশইন প্রতিরোধ।
ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ঈদের আগে ও পরে সাত দিন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের হটলাইন চালু থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে।
পশুর হাটে জালনোট শনাক্তে মেশিন বসানো এবং পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালুর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
চামড়া সংরক্ষণের জন্য প্রায় ২০ কোটি টাকার লবণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে