Views Bangladesh Logo

বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি, চলবে ২৫ দিন

অমর একুশে বইমেলা–২০২৬ শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। শেষ হবে ১৫ মার্চ। এ বছর বইমেলা চলবে মোট ২৫ দিন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

লিখিত বক্তব্যে ড. সেলিম রেজা বলেন, ভাষাশহীদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এই আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তিনি বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পয়লা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তারিখ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। যদিও সামগ্রিকভাবে বইমেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ড. সেলিম রেজা বলেন, বইমেলার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে প্রত্যাশামতো সম্পন্ন হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সরকারের কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ, স্টল নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি চলমান রয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে এবং সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, এবারের বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন করে ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানও আলাদা স্টল বরাদ্দের জন্য আবেদন জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যখন বইমেলার প্রস্তুতি প্রায় ৬০ শতাংশ সম্পন্ন, তখন কয়েকজন প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের অনুরোধ জানান।

সেলিম রেজা বলেন, প্রকাশকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনা হয়েছে। তবে এপ্রিল মাসে সম্ভাব্য তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ও বৃষ্টিপাতের ঝুঁকি থাকায় ওই সময়ে মাসব্যাপী বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, সার্বিক বাস্তবতা বিবেচনায় নির্ধারিত সময়েই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে এবং প্রকাশকদের অংশগ্রহণের আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, পবিত্র রমজানের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় ইফতার, তারাবীহ এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা হবে। তবে একুশে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে মেলা খোলা থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ