Views Bangladesh Logo

বইমেলায় বিক্রি আনুমানিক ১৭ কোটি টাকা, কমেছে প্রকাশনা ও নতুন বই

এবারের অমর একুশে বইমেলা–এ ১৭ দিনে অংশগ্রহণকারী ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের হিসাবে প্রায় আট কোটি টাকার বই বিক্রি হয়েছে। মেলা পরিচালনা কমিটির গড় হিসাব অনুযায়ী, মেলায় অংশ নেওয়া মোট ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রি মিলিয়ে বই বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকায় পৌঁছাতে পারে।

মেলায় মোট ৫৮৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ১৪টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।

মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে বেশি ইউনিট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের তুলনায় কম ইউনিট পাওয়া প্রতিষ্ঠানের বিক্রি বেশি হয়েছে। মেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হয়েছে।

মেলার তথ্যকেন্দ্রের হিসাবে ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১ হাজার ৭৭১টি নতুন বই জমা পড়েছে। তবে সব প্রকাশিত বই তথ্যকেন্দ্রে জমা না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ সময় মোট ২৫২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার বইমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এ বছর মেলা অনুষ্ঠিত হয় ১৮ দিন। জাতীয় সংসদ নির্বাচন ও রোজার কারণে নির্ধারিত সময়ের পরে, ২৬ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

কমেছে বিক্রি ও প্রকাশনা প্রতিষ্ঠান
গত বছর মাসব্যাপী বইমেলায় অংশ নেওয়া প্রায় অর্ধেক প্রকাশনা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী প্রায় ২০ কোটি টাকার বই বিক্রির তথ্য দেওয়া হয়েছিল। পরে বাকি প্রতিষ্ঠানগুলোর বিক্রি যোগ করে মোট প্রায় ৪০ কোটি টাকার বই বিক্রির কথা জানিয়েছিল মেলা পরিচালনা কমিটি।

গত বছর বইমেলায় মোট ৭২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে ১৮টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ৭০৩টি ছিল প্রকাশনা প্রতিষ্ঠান। সেই হিসাবে এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। পাশাপাশি ২৮ দিনের পরিবর্তে এবার মেলা হয়েছে ১৮ দিন।

এর আগে ২০২৪ সালে বইমেলায় প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। আর ২০২৩ সালে বিক্রি হয়েছিল প্রায় ৪৭ কোটি টাকার বই।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত আটজন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত ‘গুণিজন স্মৃতি পুরস্কার’ও প্রদান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ