Views Bangladesh Logo

প্রকাশ্যে ‘বনলতা এক্সপ্রেস’-এর পোস্টার, ঈদে আসছে তারকাবহুল এই চলচ্চিত্র

নীল-হলুদ আভায় ছুটে চলা ট্রেনের চিত্র আর নস্টালজিক স্টেশনের আবহ নিয়ে প্রকাশ পেয়েছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার। পোস্টারের ওপরে দুই পাশে দেখা গেছে ছবির অভিনয়শিল্পীদের মুখাবয়ব এবং মাঝখানে লেখা রয়েছে—‘১০০% খাঁটি বাংলাদেশি ছায়াছবি’।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হইচই বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মসহ নির্মাতা ও শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি উন্মোচিত হয়। ধাপে ধাপে টিজার, ট্রেলার ও গান প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম (রশিদ উদ্দিন), চঞ্চল চৌধুরী (মিস্টার এ.কে.কে), শরিফুল রাজ (ডা. আশহাব), সাবিলা নূর (চিত্রা), জাকিয়া বারী মম (আফিয়া), আজমেরী হক বাঁধন (সুরমা), শ্যামল মাওলা (আজিজ) ও শামীমা নাজনীন (সাজেদা)। বড় চাচার ভূমিকায় রয়েছেন ইন্তেখাব দিনার।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর ৩ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তির পরিকল্পনা রয়েছে।

গল্পে দেখা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী চিত্রা অসুস্থ মামাকে দেখতে ট্রেনে দিনাজপুর যায়। একই ট্রেনে মাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন তরুণ চিকিৎসক আশহাব। তাদের যাত্রাকে ঘিরেই এগিয়ে যায় কাহিনি।

ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস। নির্মাণে সার্বিক সহযোগিতা করছে ডোপ।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক তানিম নূর বলেন, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি এই ছবির মাধ্যমে মানুষের সম্পর্ক, হাসি-কান্না ও আবেগকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, তানিম নূরের প্রথম চলচ্চিত্র ‘ফিরে এসো বেহুলা’ ২০১১ সালে মুক্তি পায়। পরে সংকলিত চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং গত বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ দিয়ে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ