হংকংয়ের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’
বাংলাদেশি নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ হংকংয়ের আসিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় অলিম্পিয়ান সিটির স্কাই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে।
উৎসবের আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫৩ মিনিটের বাংলা ভাষার সিনেমাটি ইংরেজি সাবটাইটেলসহ দেখানো হবে। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে আলোচনা পর্বও রয়েছে।
২০২৬ সালের বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে তালিকাভুক্ত ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর। ‘ফিরে এসো বেহুলা’, ‘মানি হানি’, ‘একাত্তর’, ‘কন্ট্রাক্ট’, ‘কাইজার’ ও ‘উৎসব’সহ বিভিন্ন কাজের জন্য পরিচিত এই নির্মাতা।
২০০৭ সালের ডিসেম্বরের এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতকে ঘিরে সিনেমাটির গল্প। কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরের পথে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেসে যাত্রা করে একদল অপরিচিত মানুষ। ট্রেন এগিয়ে চলার সঙ্গে সঙ্গে তাদের জীবনের গল্প পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। ব্যক্তিগত সংকটের পাশাপাশি সামনে আসে রাজনৈতিক উত্তেজনা, শোক, নৈতিক দ্বন্দ্ব ও মানবিক সহমর্মিতার নানা দিক।
২০ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ আসিয়ান চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ৩০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা উৎসবটির এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।
আসিয়ানের ১১ সদস্য দেশের চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নেপাল, পাকিস্তান, রাশিয়া ও কাজাখস্তানের নির্বাচিত সিনেমাও উৎসবে প্রদর্শিত হবে।
জানা গেছে, কূটনৈতিক মিশন ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় উৎসবটির আয়োজন করছে হংকং-আসিয়ান ফাউন্ডেশন।
আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী নিয়ে দর্শকদের আগ্রহও রয়েছে। সিনেমাটির জন্য বরাদ্দ সব টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
মতামত দিন