Views Bangladesh Logo

কুমিল্লায় জামায়াত নেতার মাছের খামারে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাছের খামারের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়নের মগুয়া এলাকায় অবস্থিত ‘আল বাশারাত ফিশারিজ প্রজেক্ট’ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ফিশারিজ প্রকল্পটির মালিক ইউনিয়ন জামায়াতের যুব শাখার সভাপতি সাইফুল ইসলাম মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে কিছু লোকজনকে বস্তা নিয়ে আসা–যাওয়া করতে দেখা যায়। বুধবার দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন সেখানে আসে। কিছুক্ষণ পর তারা কয়েকটি বস্তায় মালামাল নিয়ে স্থান ত্যাগ করে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পরিত্যক্ত ভবনে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে তারা জড়ো হয়ে থানায় খবর দেন। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে জিআই পাইপসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

ফিশারিজ প্রকল্পের ব্যবস্থাপক রায়হান রহমান রাজু জানান, গত কয়েক দিন ধরে কিছু লোকজন প্রকল্পে এসে এক-দুই ঘণ্টা অবস্থান করছিল। তবে তাদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না।

স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ বলেন, “কয়েক দিন ধরে শুনছিলাম কিছু লোকজন এখানে আসা–যাওয়া করছে। আজ আমরা এলে তারা পালিয়ে যায়। পরে আমরা এসে বিভিন্ন বিস্ফোরক সামগ্রী দেখতে পাই। এরপর পুলিশে খবর দিই।”

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সাইফুল ইসলাম মামুন ফোন রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক স্থানীয় ইউপি সদস্য জাকির নির্বাচনের প্রশ্নবিদ্ধ করতে যুব শাখা নেতা মামুনের সম্পত্তিকে টার্গেট করে ষড়যন্ত্র করছেন।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, তথ্য পেয়ে যৌথ বাহিনী জিআই পাইপ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। “এসব সত্যিই বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞ পরীক্ষার পর বলা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ