Views Bangladesh Logo

গাংনীতে ভোটকেন্দ্রের কাছে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্র থেকে মাত্র ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি মেহেরপুর-২ সংসদীয় আসনের ভোটগ্রহণের জন্য নির্ধারিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলবাড়িয়া ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে একটি লাল শপিং ব্যাগ ঝুলতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ব্যাগের ভেতরে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখে তারা দ্রুত গাংনী থানায় খবর দেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় ভোটার ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন আলী জানান, সকালে ঈদগাহের গ্রিলের সঙ্গে ঝুলানো ওই লাল ব্যাগটি নজরে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদভাবে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ