Views Bangladesh Logo

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি, ফ্লাইট স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ ও সতর্কতা তৈরি হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিজি-৩৭৩ ফ্লাইটটি উড্ডয়নের আগ মুহূর্তে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, উড়োজাহাজটিতে বোমা রয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ফ্লাইটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সঙ্গে সঙ্গেই তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় এবং পুরো বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বোমার হুমকি পাওয়ার পরপরই বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি অভিযান শুরু করে। ফ্লাইটের যাত্রীদের মাঝে শুরুতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সবাই নিরাপদে ছিলেন এবং কেউ আহত হননি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, বোমা শনাক্তকরণ ইউনিট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণ কাজ চালিয়ে যাচ্ছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট, তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এই হুমকি দিয়েছে, কেন দিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ