সোনারগাঁয়ে বোমা আতঙ্ক, আড়াই ঘণ্টার অভিযানে ব্যাগে মিলল কাপড়-চোপড়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা একটি তালাবদ্ধ ব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, ডিবি, র্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে নিশ্চিত হয়, ব্যাগটিতে কোনো বিস্ফোরক নেই। পরে এর ভেতর থেকে কিছু কাপড়-চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক নারী ব্যাগটি রেখে চলে যান। দীর্ঘ সময় কেউ সেটি নিতে না আসায় ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা শুরু করে। রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ব্যাগের ভেতরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তার স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স এবং কিছু ছেঁড়া কাপড়-চোপড় পাওয়া গেছে।
তিনি বলেন, কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
মতামত দিন