মাদারীপুরে ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া
মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের শোবার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ইমাম পাঁচ দিন ধরে অসুস্থ থাকায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি বর্তমানে মসজিদেও অবস্থান করছেন না। তাঁর থাকার ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে বলে জানা গেছে।
তবে ঘরের ভেতরে কে বা কারা বোমা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
মতামত দিন