Views Bangladesh Logo

বলিউড প্রযোজক পহলাজ নিহালানি মারা গেছেন

বলিউডের প্রবীণ চলচ্চিত্র প্রযোজক এবং ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সনদ বোর্ডের (সিবিএফসি) সাবেক চেয়ারম্যান পহলাজ নিহালানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

যকৃতের জটিলতায় দীর্ঘদিন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৪ জুন) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন

মরহুমের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, একই দিনে মুম্বাইয়ের সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৫০ সালের ১০ জানুয়ারি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন নিহালানি। ১৯৮২ সালে 'হাথকড়ি' চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রযোজক হিসেবে তাঁর অভিষেক ঘটে। এরপর চার দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডের অন্যতম প্রধান বাণিজ্যিক প্রযোজক হিসেবে সক্রিয় থাকেন।

তার প্রযোজিত 'ইলজাম' ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন গোবিন্দা। ‘শোলা অউর শবনম’ — এই ছবির মধ্য দিয়ে দিব্যা ভারতী রূপালি পর্দায় আসেন। গোবিন্দা ও চাংকি পান্ডে অভিনীত ব্লকবাস্টার ‘আঁখেন’ ছিল তার অন্যতম ব্লকবাস্টার প্রযোজনা। এ ছাড়াও সেন্সর বোর্ড ছাড়ার পর 'রঙিলা রাজা' ছিল তার সর্বশেষ বড় প্রযোজনা।

প্রায় তিন দশক ধরে তিনি অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসার্সের সভাপতির দায়িত্ব পালন করেন।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিবিএফসির চেয়ারম্যান থাকাকালে নিহালানি তীব্র বিতর্কের মুখে পড়েন। ‘উড়তা পাঞ্জাব’, ‘আলিগড়’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ ও ‘আনফ্রিডম’-সহ একাধিক চলচ্চিত্রে তার সেন্সরশিপ সিদ্ধান্ত শিল্পমহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। এ কারণে ২০১৭ সালে প্রসূন জোশী তার স্থলাভিষিক্ত হন।

চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে বর্ণময় এক অধ্যায় রচনা করা পহলাজ নিহালানির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ