Views Bangladesh Logo

মা হলেন অভিনেত্রী কারিশমা তান্না

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তাঁর স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই দম্পতি।

ইনস্টাগ্রামে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্ট সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ পোস্টের সঙ্গে নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ কার্ডও প্রকাশ করা হয়।

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন কারিশমা ও বরুণ। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য শুভকামনা জানিয়েছেন।

কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়ের চার বছর পর তাঁদের সংসারে এলো প্রথম সন্তান। চলতি বছরের শুরুতে কারিশমা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন। এরপর গর্ভাবস্থার নানা মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় মুখ কারিশমা তান্না ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। পরে ওটিটিতেও সাফল্য অর্জন করেন। ‘হাশ হাশ’ ও ‘স্কুপ’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এছাড়া তিনি ‘খতরোঁ কে খিলাড়ি ১০’–এর বিজয়ীও ছিলেন।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ