বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল ভোট, থাকছে না গণভোট: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তিনি জানান, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হলেও শেরপুর-৩ আসনের ক্ষেত্রে গণভোটের ফলাফল নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাই এবার সরাসরি নির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ডেপ্লয়মেন্ট পরিকল্পনা অনুযায়ীই এবারের নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। তবে প্রয়োজনে অতিরিক্ত রিসোর্স যুক্ত করা হতে পারে। রিটার্নিং কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশে বডি-ওয়ার্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপের ব্যবহারও বাড়ানো হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সচিব জানান, এবারও আট দিনের জন্য আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি বিজিবি, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী তাদের নির্ধারিত সময় অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ শুরু করেছেন এবং এখন পর্যন্ত কোনো আপত্তিকর তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আপিল পাওয়া যায়নি। তাই প্রার্থীসংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে।
পোস্টাল ব্যালটের বিষয়ে আখতার আহমেদ জানান, এতে প্রবাসীদের ভোটও অন্তর্ভুক্ত থাকবে। ওসিভি ও আইসিভি উভয় ব্যবস্থাই রাখা হয়েছে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট ১২ মার্চ থেকে পাঠানো শুরু হবে এবং আইসিভি ভোটগ্রহণ ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনো তদন্ত বা পর্যালোচনার প্রয়োজন হলে তা ব্যবহার করা যায়।
ফলাফল প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আগের মতোই রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হবে। যেহেতু আসন সংখ্যা মাত্র দুটি এবং একটি আসনে প্রায় ১৫০টি কেন্দ্র রয়েছে, তাই ফলাফল প্রকাশে বেশি সময় লাগবে না। তবে পোস্টাল ভোট গণনার ওপর ফলাফল প্রকাশের সময় কিছুটা নির্ভর করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে