Views Bangladesh Logo

দুপুরে ডিবি হেফাজতে যুবক, পরদিন সকালে লাশ হয়ে হাসপাতালে

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আসাদুজ্জামান আসাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে পুলিশ তার লাশ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আসে বলে জানান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইফতেখারুল ইসলাম।

অন্যদিকে পুলিশ বলছে, আসাদকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসা গ্রহণ শেষে তিনি মারা যান।

এর আগে, গত ১৮ জুলাই বগুড়া মহানগরের সেউজগাড়ি রেলস্টেশন এলাকা থেকে আসাদকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

আসাদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, গত ২৯ জুন বগুড়ায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়। সেই মামলায় আসাদকে আটক করা হয়েছিল। নিহত অটোচালকের মুঠোফোনও পাওয়া যায় আসাদের কাছে। আজ সকালে নাস্তা করার পর আসাদ হাজতখানার ওয়াশরুমে যান। ১০-১২ মিনিট পার হলেও ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন না আসাদ। ওই সময় সন্দেহ হলে ওয়াশরুমে ঢুকে দেখা যায়, সেখানকার ভেন্টিলেটরে থাকা রডের সঙ্গে গলায় নিজের লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, ‘তখনও বেঁচে ছিলেন আসাদ। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। কিন্তু এর কিছুক্ষণ পরই মারা যান। আসাদ আত্মহত্যা করেছেন।’

জানতে চাইলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক ইফতেখারুল হক বলেন, আসাদের গলায় ও ঘাড়ে যে চিহ্ন পাওয়া গেছে, সেটা গলায় ফাঁস নেওয়ার দাগ। তবে হাসপাতালে আসার আগেই আসাদের মৃত্যু হয়। মৃত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। গলা ও ঘাড় ছাড়া প্রাথমিকভাবে আসাদের আর কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ