বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক, শীতে শুরু হতে পারে কাজ: শিল্পমন্ত্রী
বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। আগামী শীত মৌসুমেই প্রস্তাবিত শিল্পপার্কের উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বগুড়াকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো ও শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নতুন শিল্প স্থাপনের চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে প্রায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত কাজ এগিয়ে নিয়ে আগামী শীত মৌসুমে এর প্রাথমিক কার্যক্রম শুরুর চেষ্টা করা হবে।
শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা পরিচালনা করা কঠিন। পণ্যের উৎপাদন খরচ কমিয়ে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচও কমাতে হবে।
শিল্পোদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা, গ্যাস সংযোগ সহজ করা এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে পাঁচ তারকা মমইন হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, বিসিক চেয়ারম্যান বেনজির আহম্মেদ, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল।
মতামত দিন