বগুড়ার ৭ আসনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বগুড়ার সাতটি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সকালের দিকে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়।
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের শাজাহানপুরের গণ্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে গিয়ে দেখা গেছে, ভোটারদের তুলনায় প্রার্থীদের পক্ষের লোকজনের সংখ্যা অনেক বেশি। কেন্দ্রের একজন ভোটার আব্দুল মালেক জানান, তিনি আশা করেছিলেন ভোটার লাইনের উপস্থিতি বেশি হবে, কিন্তু তা দেখা যায়নি। তিনি অল্প সময়ের মধ্যেই ভোট দিয়ে বের হন।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১২টার দিকে গিয়ে দেখা যায়, প্রার্থীদের পক্ষের লোকজন মূল ফটকে অবস্থান করছেন এবং সকালের তুলনায় ভোটার উপস্থিতি কমে গেছে। তবে বিকেলের দিকে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।
মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. তারেক রহমান জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১২৬ জন। সকাল ১১:৩০টা পর্যন্ত ১ হাজার ৫৮৩ জন ভোট দিয়েছেন। এ সময় নারী ভোটারের উপস্থিতি পুরুষের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৮২ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে