রামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
রামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস।
সংগঠনের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ডা. এনসি বাড়ই, সহসভাপতি চন্দন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি অমৃত লাল সাহা, বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালসহ অন্যান্য নেতা।
বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধর্মের বিশ্বাস, অনুভূতি কিংবা উপাসনালয়ের নিরাপত্তার ওপর আঘাত দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
সমাবেশ থেকে গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের হুমকির তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়াও রামচন্দ্রের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মতামত দিন