বগুড়ায় বিএনপির প্রার্থীকে শোকজ
নির্বাচনি সমাবেশে খাবার বিতরণ এবং মসজিদে ধানের শীষের সমর্থন চাওয়ায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলামকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি।
নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা যায়, বগুড়া-১ আসনের সোনাতলা উপজেলার বালুয়াহাটে ২২ জানুয়ারি নির্বাচনী সমাবেশে ভোটারদের খাবার পরিবেশন এবং ২৩ জানুয়ারি সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নের একটি মসজিদে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়েছে, যা আচরণবিধি লঙ্ঘন।
এ ঘটনায় গত ২৪ জানুয়ারি কাজী রফিকুল ইসলামকে ডাকযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বগুড়া-১ এর চেয়ারম্যান ( যুগ্ম জেলা ও দায়রা জজ) মোছা. শামীমা খাতুন।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কাজী রফিকুল ইসলাম বা তার প্রতিনিধিকে আগামী ২ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ভবনে কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না সেই বিষয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে