Views Bangladesh Logo

বগুড়া-৬ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার সংকট, আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

বগুড়ায়-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। নির্বাচনের আমেজহীন এই ভোট যুদ্ধে সকাল ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মাত্র ৭ দশমিক ০২৩ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলা স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটারদের কোনো দীর্ঘ সারি নেই। দুই-একজন করে ভোটার আসছেন এবং কোনো ভিড় ছাড়াই ভোট দিয়ে চলে যাচ্ছেন। শুধু কেন্দ্র নয়, পুরো শহরে নির্বাচনের কোনো আমেজও নেই।

শহরের খান্দার এলাকায় একটি খাবারের হোটেলে গিয়ে দেখা যায়, সেখানে অনেক লোকজনের ভিড়। তবে তারা কেউ ভোট দেননি।

তাদের মধ্যে অনেকেই বলছেন, জীবনযাত্রার ব্যয় বাড়ায় তারা হতাশ। ভোট দেওয়ার আগ্রহ তেমন নেই। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত ৭ দশমিক ০২৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। তবে এই পরিসংখ্যানে পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন এবং ভোট গ্রহণ চলছে মোট ১৫০টি কেন্দ্রে।

নির্বাচনী ময়দানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

সার্বিক পরিস্থিতি নিয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। আশা করা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। এখানে আমাদের কিছু করার নেই।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ