Views Bangladesh Logo

বগুড়া-২: নিরাপত্তা শঙ্কায় নির্বাচন বর্জন করলেন সাবেক এমপি জিন্নাহ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচনে অংশগ্রহণ থেকে নিরাপত্তাজনিত কারণে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার তিনি শিবগঞ্জবাসীর উদ্দেশে খোলা চিঠিতে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও অবাধ ভোটের পরিবেশ নেই।

জিন্নাহ অভিযোগ করেছেন, তার ও সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেককে এলাকা ছাড়া করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

চিঠিতে তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া।

তিনি শিবগঞ্জের মানুষের নিরাপত্তা ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান

জিন্নাহ বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়; এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ। শিবগঞ্জবাসীকে শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান জানান, জিন্নাহ ভোট বর্জন করেছেন বলে শুনেছেন, তবে এখনো লিখিতভাবে কোনো অভিযোগ পাননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ