Views Bangladesh Logo

বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলাদেশের অবস্থান ও বক্তব্য দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।’

তিনি আরও বলেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেন, নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি দিক বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী বিশ্বদরবারে বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনাগুলোও তুলে ধরা হয়েছে।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ