বাংলাদেশ বিমানকে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব বোয়িংয়ের
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। বাংলাদেশে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়ায় যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ কথা জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটার হাস বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে নতুন উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বোয়িং। আমরা চাই যেন বিমানের ক্রয় প্রক্রিয়ায় বোয়িং অংশ নিতে পারে এবং প্রক্রিয়াটি স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়।”
মন্ত্রী ফারুক খান বলেন, “আমরা আর্থিক ও প্রযুক্তিগত সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব কোনটা ভালো হবে। বোয়িং কিংবা এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনব, যেটা বাংলাদেশের জন্য ভালো হয়।”
ফারুক খান আরও বলেন, “পর্যটন ও উড়োজাহাজ শিল্পে আমাদের অংশীদারত্ব জোরদার করতে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে, বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেছি, যেন আমরা শিগগির ফ্লাইট চালু করতে পারি।”
অন্যদিকে, বাংলাদেশের পর্যটন ও উড়োজাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান পিটার হাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে