লিমনের পর নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদারও মরদেহ উদ্ধার
দীর্ঘ অপেক্ষা ও উদ্বেগের পর অবশেষে মর্মান্তিক সংবাদ পেলেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার। নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের পর এবার বৃষ্টি-র দেহের খণ্ডাংশও উদ্ধার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, মার্কিন পুলিশ ফোন করে নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এক সন্দেহভাজনের বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা মানবদেহের অংশের ডিএনএ পরীক্ষায় নাহিদার সঙ্গে মিল পাওয়া গেছে।
তবে তার মরদেহের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। এর আগে নিখোঁজ হওয়ার পর তার ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছিলেন।
এই ঘটনার সঙ্গে সম্পর্কিত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনেরও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার দেহাংশ উদ্ধার করা হয়।
জামিল লিমনের হত্যাকাণ্ডের পর থেকেই নাহিদার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া এই দুই শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে।
নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় জামিল লিমনের বাসা থেকে সর্বশেষ দেখা যাওয়ার পর থেকেই নাহিদা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাসা থেকেই নাহিদার মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এই জোড়া হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে