Views Bangladesh Logo

নিখোঁজের ৬ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, আটক ১

নেত্রকোণায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার নাজু নামে ৩৪ বছর বয়সী এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নুরুল আমীন হত্যার কথা স্বীকার করেছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহের সন্ধান পাওয়া যায়।

শুক্রবার বিকেলে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত উদ্ধারের পর ঢুকিয়ালী নদীর পাড় থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়।

আটক নুরুল আমীন নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। নিহত নাজমা সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজমা নিখোঁজ হন। পরে তার ছোট ভাই মো. শুভ ২২ সেপ্টেম্বর নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডির তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে নাজমার সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় ১৪ বছর আগে নাজমা ও নুরুল আমীনের বিয়ে হয়। তাদের ছয় বছরের ছেলে মুজাহিদ ও আড়াই বছরের মেয়ে নাজিফা রয়েছে। পারিবারিক কলহের কারণে তাদের একাধিকবার বিচ্ছেদ ও পুনরায় বিয়ে হয়। সর্বশেষ তারা আলাদা থাকছিলেন।

নাজমা সাবেক স্বামীর বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণের মামলা করেছিলেন। এ ছাড়া ধর্ষণের অভিযোগে করা আরেকটি মামলা পিবিআই তদন্ত করছে। তাদের দুই সন্তান বর্তমানে স্বজনদের হেফাজতে রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির কীটনাশক কিনতে নেত্রকোণা শহরে এলে নাজমা নুরুল আমীনকে ফোন করেন। পরে বড়বাজার এলাকায় তাদের দেখা হলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

এরপর ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে নাজমাকে রিকশায় করে রাজুর বাজারে নিয়ে যান নুরুল আমীন। সেখান থেকে ভাড়া করা মোটরসাইকেলে তারা মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ এলাকায় যান। রাত সাড়ে ১০টার দিকে টাকা দেওয়ার বিষয় নিয়ে আবারও তাদের মধ্যে তর্ক হয়।

পুলিশের দাবি, একপর্যায়ে নুরুল আমীন নাজমার বুকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে কাঁধে করে পাশের শ্মশানঘাটে নিয়ে নিজের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহটি বাড়ির পাশে ঢুকিয়ালী নদীর পাড়ে নিয়ে কোদাল দিয়ে গর্ত করে মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, নুরুল আমীনের দেখানো স্থান থেকে নাজমার ব্যবহৃত ওড়না, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নদীর পাড় থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ