নিখোঁজের ৩ দিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ি এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘সংশ্লিষ্ট এলাকার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।’
এদিকে এ ঘটনাকে ঘিরে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশশার ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী এলাকার ফুলতলা গ্রামে। তিনি গোপাল দাশের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত নয়টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে তার বর্তমান বসতঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২০ এপ্রিল রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে ২১ এপ্রিল স্থানীয় লোকজন ও মন্দির সংশ্লিষ্টরা আশপাশ এলাকায় খোঁজ চালান। বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় অনুসন্ধান চালানোর সময় একটি গাছের সঙ্গে গলায় চাদর পেঁচানো অবস্থায় নয়ন দাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে