Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকালে দেশে পৌঁছাবে। লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

দূতাবাস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহটি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

দূতাবাসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ নম্বর ফ্লাইটে লিমনের মরদেহ বহনকারী কফিনটি রওয়ানা হবে।

যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি নির্ধারিত ট্রানজিট শেষে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ নম্বর ফ্লাইটে করে মরদেহটি আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। তিনি এবং নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আট দিন পর গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ