Views Bangladesh Logo

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে, দাফন দাদা–দাদির কবরের পাশে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বর্তমানে দাফনের জন্য তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে দাদা–দাদির কবরের পাশে নতুন করে কবর খোঁড়া হচ্ছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে দুপুরের দিকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে বিকেল ৩টার মধ্যে বৃষ্টির নিথর দেহ মাদারীপুরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য সকাল থেকেই বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। পুরো এলাকায় এখন শোকের ছায়া বিরাজ করছে।

নিহতের নানা আব্দুল আলী সংবাদমাধ্যমকে জানান, বৃষ্টির মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর আসরের নামাজ শেষে স্থানীয় চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি বিশেষ ফ্লাইটে তোলা হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসে পৌঁছায়। ওইদিনই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ