কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) শহরের বাস টার্মিনাল এলাকার ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই হোটেলে এসে কক্ষটি নেন। শুক্রবার সকাল ১১টার দিকে হোটেলের কর্মীরা কক্ষে গিয়ে দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে আতাউল কবিরের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হোটেলে ওঠার সময় তার সঙ্গে আর কেউ ছিলেন না।
ঘটনাস্থল থেকে তার ব্যাগ, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউল কবিরের সেখানে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন ওই পুলিশ সদস্য।
তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
মতামত দিন