Views Bangladesh Logo

মেঘনায় নদীতীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার

ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে মো. রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীর ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির বাবুলের ছেলে।

পুলিশ জানায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা রামগতি গিয়ে মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ নদীতীরের একটি অংশ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এতে পাঁচজনই খরস্রোতা মেঘনায় পড়ে যান।

তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাকিবের মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত নিখোঁজ দুই বন্ধুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাকিবের মরদেহ উদ্ধারের পর এখন আমজাদকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনি বর্তমানে একটি বিশেষ নিউজ দেখছেন, যা গভীর গবেষণা এবং উপকথা দিয়ে তৈরি হয়েছে আমাদের রেজিস্টারড ব্যবহারকারীদের জন্য। রেজিস্টার করে আপনি প্রতি মাসে অধিকাংশ বিশেষ নিউজে সীমাহীন অ্যাক্সেস পাবেন!

ইতিমধ্যে ব্যবহারকারী?

Views Bangladesh Exclusive Logo

মতামত দিন

Avatar