Views Bangladesh Logo

মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে সহপাঠী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারিয়া স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং প্রবাসী মিজানের মেয়ে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন স্কুল চলাকালে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মারিয়াকে একটি শ্রেণিকক্ষে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠায় এবং তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে।

এরপর থেকেই মারিয়া নিখোঁজ ছিল বলে পরিবারের দাবি। স্বজনরা জানান, ঘটনার দিন নিজের মোবাইল ফোন বাসায় রেখেই বের হয়ে যায় সে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ছয় দিন পর রোববার বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার ঝোপের পাশে একটি স্কুলব্যাগ দেখতে পান। সন্দেহ হলে আশপাশে খোঁজ নিয়ে তারা এক কিশোরীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ