কক্সবাজারে ট্রলারডুবি: নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা-সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক কিশোর আলবার্টের (১৬) মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজারসংলগ্ন সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক এলাকার সাগরে ভ্রমণের সময় নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্যকে বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ট্রলারডুবির পরপরই ঢাকায় অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাসকে বিষয়টি জানানো হয়। বুধবার বিকেলে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজারে পৌঁছেছেন।
তিনি আরও জানান, পরিবারের কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ১৩ বছর বয়সী রালফের ভিসা-সংক্রান্ত কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।
আলবার্টের মরদেহের আইনগত প্রক্রিয়া শেষ করার পর জীবিত তিনজনকে নিউজিল্যান্ড দূতাবাসের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মতামত দিন