Views Bangladesh Logo

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয় বলে রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল নিশ্চিত করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে সংস্থাটি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা পরিষ্কারের কাজ চলাকালে ডুবুরি সাদিক নদীতে পড়ে মুহূর্তেই তলিয়ে যান। ঘটনার সময় তাঁর সঙ্গে আরেক ডুবুরি শামসুল ও স্পিডবোটচালক সজলও দায়িত্ব পালন করছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, পরে যোগ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দলও।

দিনভর যৌথ অভিযান চালানোর পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আরিচা স্থল-কাম নদী ফায়ার স্টেশনের (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) ডুবুরি মেরাজ আলী নিখোঁজ সাদিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা মো. সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন এবং নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্রীয় পদকও অর্জন করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ