ডুবে যাওয়া ধান দেখতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠল হাওরে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।
নিহত আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার নিশাকুঁড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার আব্দুর রউফ নিজ কৃষিজমি ও ডুবে যাওয়া ধান দেখতে হাওরে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে