Views Bangladesh Logo

১৮ ঘণ্টা পর কুমিল্লায় নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শনিবার (৩০ মে) সকাল ৭টা ২০ মিনিটের দিকে জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি.এন. কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দুপুর ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হচ্ছিলেন শিহাব। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তল্লাশি অভিযানে চাঁদপুর থেকে আসা একটি বিশেষ ডুবুরি দলও যোগ দেয়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সকালে নদী থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমরা চাঁদপুর থেকে ডুবুরি দলকে খবর দিই। মোহাম্মদ আলীর নেতৃত্বে ডুবুরি দলটি এসে বিকেলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয় এবং শনিবার সকালে পুনরায় তা শুরু হয়। উদ্ধার শেষে মরদেহ নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ