যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ পিএইচডি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষ জামিল লিমনের। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
স্থানীয় পুলিশ এখনো নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায়।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।
এসব তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ।
শুক্রবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তে বিশ্ববিদ্যালয় থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা। ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।
শেরিফ কার্যালয় জানায়, ব্রুস বি. ডাউনসের লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটকের খবর জানানো হয়। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।
এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয় নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।
অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।
লেক ফরেস্ট কমিউনিটি একটি 'ডিড-রেস্ট্রিকটেড' এলাকা। এ ধরনের কমিউনিটিতে হোমওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে বাসিন্দাদের কর্মকাণ্ড সীমিত রাখতে নির্দিষ্ট চুক্তি করা থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে