গাজীপুরের ৫ খুনের প্রধান আসামির মরদেহ পদ্মা নদীতে উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যা মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা লৌহজং উপজেলা ভূমি অফিসের কাছে, পদ্মা সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোরকান মোল্লার ভাই আব্দুল জব্বার এবং কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের রহমান মরদেহটি ফোরকানের বলে নিশ্চিত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, ফরকান পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে সিসিটিভি ফুটেজ ও মরদেহ উদ্ধার ছাড়া ১০০ শতাংশ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি একটি প্রাইভেটকার থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রেলিংয়ের ওপর দিয়ে নদীতে লাফ দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ফোরকান বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ফরকানকে ধরতে গাজীপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় এবং বেনাপোল সীমান্তে অভিযান চালানো হয়। তার মোবাইল ফোনও পরে মেহেরপুরে এক বাস সহকারীর কাছ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ফোরকানেরই ছিল বলে নিশ্চিত হওয়া গেছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে