বরিশালে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরোপ্রধান পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চট্টোপাধ্যায়। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। চাকরি হারানোর পর তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চট্টোপাধ্যায়ের কাছে কার্যালয়ের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে আসতেন, দরজা খুলে সেখানে সময় কাটাতেন।
শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে এসে দেখতে পান, অফিসটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা সামান্য খুলে তিনি পুলক চট্টোপাধ্যায়কে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চট্টোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করে।
তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মতামত দিন