প্রেসক্লাবের শৌচাগার থেকে দিনকালের সাংবাদিকের মরদেহ উদ্ধার
রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ প্রেসক্লাবের একটি টয়লেটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, মৃতদেহ উদ্ধার হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মনিরুজ্জামান জানান, পরিবারের সদস্যরা গতকাল (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ফোনের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টয়লেটের দরজা ভেঙে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী মামুদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মিডিয়া সেলের সমন্বয়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল আলী মামুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে