নিজ ঘর থেকে ভারতের বরেণ্য সংগীতশিল্পী রবি দের মরদেহ উদ্ধার
ভারতের সংগীতাঙ্গনের পরিচিত মুখ রবি দে আর নেই। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এক্সটেনশনে নিজের ভাড়া বাসার একটি কক্ষ থেকে ৭০ বছর বয়সী এই সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন দিন পর তার মরদেহের সন্ধান মেলে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রাত ১১টার দিকে রবি দের বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বাড়ির মূল লোহার গেটটি ভেতর থেকে বন্ধ। অন্য কোনো পথেও ঘরে প্রবেশের সুযোগ ছিল না।
পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে একটি কক্ষ থেকে রবি দের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত প্রায় তিন বছর ধরে ওই বাসায় একাই থাকতেন তিনি। প্রাথমিকভাবে তার মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের পর ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে মৃত্যুর কারণ জানতে মরদেহ পাঠানো হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) মর্গে। ১৬ আগস্ট ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের অংশ হিসেবে রবি দের দুই ছেলে তর্জ দে ও রঙ্গন দের কাছ থেকেও তথ্য নিয়েছে পুলিশ। দুজনেই সংগীতশিল্পী হিসেবে কাজ করেন এবং দিল্লির লাজপত নগর-২ এলাকায় থাকেন। পুলিশের কাছে তারা জানিয়েছেন, অনেক বছর আগেই তাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। নিজেদের পেশাগত ব্যস্ততার কারণে মৃত্যুর আগে কয়েক দিন বাবার সঙ্গে তাদের যোগাযোগ হয়নি।
রবি দের মৃত্যুর পেছনে আপাতত কোনো ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
মতামত দিন