কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
নিহত আদনান আলতাফের বয়স ২৬ বছর। তিনি ভারতের কাশ্মীরের বাসিন্দা এবং বুড়িচংয়ের ইস্টার্ন মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া বলেন, বুধবার সকাল ৭টার দিকে পুকুরে আদনানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, সোমবার রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পর থেকে আদনান নিখোঁজ ছিলেন। তার সহপাঠী ও সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছিলেন আদনান। তার সহপাঠীরা এরই মধ্যে কোর্স শেষ করায় তিনি মানসিক হতাশায় ভুগছিলেন। এ কারণে আদনানের মাকে ক্যাম্পাসে তার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
তিনি জানান, ইস্টার্ন মেডিকেল কলেজে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থী এমবিবিএস কোর্সে পড়াশোনা করছেন।
ওসি লুৎফুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
মতামত দিন