Views Bangladesh Logo

পোশাক কারখানার স্টোর রুমে মিলল এজিএমের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানার স্টোর রুম থেকে ইদ্রিস আলী (৪৩) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (১২ মে) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বারৈভোগ এলাকায় অবস্থিত ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানার একটি স্টোর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী ওই কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সোনারগাঁ উপজেলার গোয়ালদী এলাকার বাসিন্দা।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, সকালে এক শ্রমিক স্টোর রুমে ইদ্রিস আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কারখানা কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কারখানার নিরাপত্তা ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় অফিস শেষে ইদ্রিস আলীর বাড়ি ফেরার কথা ছিল। সহকর্মীরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাকে ছাড়াই কারখানার গাড়ি চলে যায়।

তিনি আরও জানান, যে স্টোর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির দায়িত্বও ইদ্রিস আলীর ওপর ছিল।

নিহতের স্ত্রী হাফিজা আক্তার দাবি করেন, তার স্বামী নিয়মিত নামাজ পড়তেন এবং স্বাভাবিক জীবনযাপন করতেন। তাই তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের বিশ্বাস হচ্ছে না।

তিনি বলেন, সোমবার রাতে স্বামীর খোঁজ না পেয়ে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েছিলাম। তখন বলা হয়েছিল উনি সেখানে নেই। সকালে শুনি স্টোর রুমে মরদেহ পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক।

এদিকে মরদেহ উদ্ধারের পর শ্রমিক ও সহকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, ইদ্রিস আলীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ দাবিতে তারা কারখানার সামনে বিক্ষোভ করেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি জানান।

ওসি মাহবুব আলম বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ