কিশোরগঞ্জে পুকুর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মাছের খামারের পুকুর থেকে সাবেক পুলিশ সদস্য নজমুল আলম অনিকের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতের দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় অনিকের নিজস্ব মাছের খামারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বন্ধু আশরাফুল ইসলাম জনি জানান, প্রায় ১২ বছর আগে অনিক বাংলাদেশ পুলিশে যোগ দেন। দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়ি ফিরে কৃষিকাজ শুরু করেন। কয়েক বছর আগে তিনি মাছ চাষ শুরু করে নিজস্ব একটি মাছের খামার গড়ে তোলেন।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে অনিক খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় সেখানে কাটা ঘাস ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির নিচ থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন