নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়ায় নিজ ঘর থেকে মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে এবং পেশায় একজন পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রফিকুলের মনোমালিন্য হয়। এর জের ধরে অভিমান করে তিনি বাড়ির একটি আলাদা কক্ষে ঘুমাতে যান। সোমবার ভোরে স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ওই কক্ষে যান। সেখানে গিয়ে স্বামীর রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে