কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মী (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উর্মী কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনার আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। তার স্বামী মহিববুর রহমান বাপ্পী একজন অব্যাহতিপ্রাপ্ত পুলিশ সদস্য। তাদের সংসারে দেড় বছর ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনার প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানসহ পশ্চিম বাদুরতলী এলাকায় আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন উর্মী। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। গত রাত দেড়টার দিকে বাপ্পী কলাপাড়া থানা পুলিশকে জানান যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ভোররাতে ওই রুম থেকে উর্মীর মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে