Views Bangladesh Logo

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিক্ষকসহ দুজন পুলিশ হেফাজতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এ সময় মিমোকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মিমোর মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিক্ষক ও এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মুনিরা মাহজাবিন মিমো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে কিছু ব্যক্তির নাম উল্লেখসহ আর্থিক লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে।

গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপকমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, বিষয়টি জানার পর বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে যান। শিক্ষার্থীর মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণে এক শিক্ষকের সঙ্গে তার যোগাযোগের ইঙ্গিত মেলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

ঘটনাটি ঘিরে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ